নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক
- প্রকাশের সময় : ১২:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 8
নওগাঁর সাপাহারে ভারতীয় ১০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৭১০ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাঠানো বিজিবির তথ্য অনুযায়ী, গত বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্ত পিলার ২৪৯/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাপাহার থানার সোনাডাঙ্গা আটবিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মৃত মুজাফ্ফর আলীর ছেলে মো. ইউসুফ আলী (৩৫) এবং একই গ্রামের মো. সাবেদ আলীর ছেলে মো. মনিরুল (২৭)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি কাজ করে যাচ্ছে।
























