ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী
- প্রকাশের সময় : ১২:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 10
হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের ফলে এখন পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি বিমান সংস্থার ২২টি এবং ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী ছয়টি বিমান সংস্থার ৩৯টি ফ্লাইট রয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের চারটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
সব মিলিয়ে ১০টি বিমান সংস্থার ৬১টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






















