পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’
- প্রকাশের সময় : ১১:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 8
সিনেমা হলে রজনীকান্তের এন্ট্রি মানেই উৎসবমুখর পরিবেশ, আর এবার যখন পর্দা কাঁপাতে ফিরছেন টাইগার মুথুভেল পান্ডিয়ান, তখন ভক্তদের উন্মাদনা যে এক অন্য উচ্চতায় পৌঁছাবে তা বলাই বাহুল্য।
সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো সুপারস্টার রজনীকান্তের মেগা বাজেট সিনেমা ‘জেলার ২’-এর হিন্দি ভাষার থিয়েট্রিক্যাল মুক্তি। আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে একযোগে তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও বড় পর্দায় আসছে এই ছবি।
এর আগে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ওটিটি প্রিমিয়ারের সময়সীমা বা উইন্ডো নিয়ে বিরোধের জেরে পিভিআর আইনক্স এবং সিনেপলিশের মতো দেশের বড় মাল্টিপ্লেক্স চেইনগুলোতে ছবিটির হিন্দি সংস্করণ মুক্তি না-ও পেতে পারে। প্রযোজক ও পরিবেশকদের সঙ্গে ন্যাশনাল চেইনগুলোর এই মতবিরোধের কারণে উত্তর ভারতে ছবিটির মুক্তি নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব পেছনে ফেলে নির্মাতারা এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পূর্বঘোষণা অনুযায়ী নির্ধারিত দিনেই সবকটি ভাষায় মুক্তি পাবে ছবিটি। উত্তর ভারতে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে প্রখ্যাত প্রযোজনা ও পরিবেশনা সংস্থা ‘পেন মারুধার এন্টারটেইনমেন্ট’।
প্রখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুসংবাদ দিয়ে জানিয়েছেন যে, ইতিমধ্যেই ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে এবং এর হিন্দি ট্রেলারও দর্শকদের দারুণ সাড়া ফেলেছে। নির্মাতারা ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, সম্প্রতি হিন্দি মুক্তি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন। পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৫ অক্টোবরই বিশ্বজুড়ে অন্যান্য ভাষার সংস্করণগুলোর সঙ্গে প্রেক্ষাগৃহে আসবে ‘জেলার ২’। তবে ওটিটি উইন্ডো নিয়ে হওয়া মতবিরোধের সম্পূর্ণ সুরাহা হয়েছে কি না কিংবা নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে কোনো ধরনের স্ক্রিনিংয়ের নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
নেলসন দিলিপকুমারের পরিচালনায় এই সিক্যুয়েলটিতে আবারও ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’ চরিত্রে দেখা মিলবে রজনীকান্তের। ২০২৩ সালের ১০ আগস্ট মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘জেলার’-এর দুর্দান্ত সাফল্যের পরই এই সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। পারিবারিক নিরাপত্তা রক্ষায় একজন অবসরপ্রাপ্ত জেলার আবার সহিংস দুনিয়ায় ফিরে আসার সেই গল্প বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছিল। এবারের সিক্যুয়েলটিতে রজনীকান্তের পাশাপাশি একঝাঁক তারকাকে একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা। অভিনয়ে মোহনলাল, শিব রাজকুমার, বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী এবং জ্যাকি শ্রফের মতো হেভিওয়েট শিল্পীরা যুক্ত হয়ে ছবিটির আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া প্রথম ছবির মতো এর সিক্যুয়েলেও সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।
দুর্গাপূজা বা দশেরার উৎসবের ঠিক আগে মুক্তি পাওয়ায় ছুটির দিনগুলোর বক্স অফিস ফায়দা তুলতে পুরোপুরি প্রস্তুত এই ছবি। তবে প্রতিযোগিতা এড়ানোর সুযোগ নেই, কারণ ঠিক একদিন পর অর্থাৎ ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রণবলী’। বিশেষ করে দক্ষিণী বাজারে এই দুই বড় প্রজেক্টের মধ্যকার বক্স অফিস লড়াই উৎসবের আমেজকে আরও জমিয়ে তুলবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
সব মিলিয়ে রজনীকান্তের এই নতুন ধামাকা রুপালি পর্দায় কী ধরনের ইতিহাস গড়ে, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: এনডিটিভি






















