গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ
- প্রকাশের সময় : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 7
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে। লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে ধারণ করা এই পর্বে উঠে এসেছে জামালপুরের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও স্থানীয় জীবনযাত্রার নানা দিক।
দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন ও মানুষের অজানা গল্প দর্শকদের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় এবার জামালপুরকে বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানের এবারের আয়োজনে স্থানীয় বাঙালি ও গারো শিল্পীদের অংশগ্রহণে থাকছে গান ও নৃত্যের পরিবেশনা।
পর্বটিতে থাকছে দুটি বিশেষ গান। এর একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্য গানটি জামালপুরকে ঘিরে পরিচিতিমূলক নৃত্যগীতি, যাতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। গানটির সাথে স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা নৃত্য পরিবেশন করেছেন।
নিয়মিত আয়োজনের পাশাপাশি এবারের পর্বে থাকছে বিভিন্ন তথ্যবহুল ও মানবিক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা চীনের সুঝৌ শহরের নানা দিক তুলে ধরা হবে।
এ ছাড়া কাশেম টিভির এক প্রতিবেদক ও তার নাতির প্রাণবন্ত কথোপকথন থাকছে অনুষ্ঠানে। সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে পরিবেশন করা হবে ব্যঙ্গাত্মক নাট্যাংশও।
নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, আনোয়ার শাহী, তারিক স্বপন, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুবর্ণা মজুমদার, সাবরিনা নিসাসহ আরও অনেকে।
অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
আজ ২৫ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’র এবারের বিশেষ পর্ব।






















