গুরুত্বপূর্ণ সংবাদ:
মাধবপাশায় পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের বিনামূল্যে প্রাণিসম্পদ ক্যাম্প

পবিপ্রবি প্রতিনিধি:
- প্রকাশের সময় : ০৪:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 15

প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরিশালের মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইভিএসএ) পবিপ্রবি শাখার সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে স্থানীয় খামারি ও পশুপালকদের প্রায় ৩০০টি গবাদিপশু ও গৃহপালিত প্রাণীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। একই সঙ্গে প্রাণীর রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা ও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. মো. সেলিম আহমেদ এবং মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রভাষক ডা. মিজানুর রহমান। এ ছাড়া পবিপ্রবির অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স অনুষদের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এতে সক্রিয়ভাবে অংশ নিয়ে চিকিৎসাকাজে সহায়তা করেন।
আয়োজন প্রসঙ্গে ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. মো. সেলিম আহমেদ বলেন, “শিক্ষার্থীদের মাঠপর্যায়ে বাস্তবমুখী শিক্ষা ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে একাডেমিক কোর্সের অংশ হিসেবে প্রতিবছর এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়। পাশাপাশি যেসব প্রান্তিক খামারির পক্ষে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া কঠিন, তাঁদের দোরগোড়ায় সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রভাষক ডা. মিজানুর রহমান জানান, এ ধরনের কার্যক্রম যেমন প্রান্তিক পর্যায়ের প্রাণিসম্পদের সুরক্ষায় বড় ভূমিকা রাখে, তেমনি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।
আইভিএসএ পবিপ্রবি শাখার সভাপতি সাইমুন হাসান বলেন, “জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকার সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাসপাতালের প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদের কল্যাণে এ ধরনের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
Tag :
























