মহাদেবপুরে সাংবাদিক খোকনের পিতার মৃত্যু

- প্রকাশের সময় : ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 5

নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক আমিনুল ইসলাম খোকনের বাবা সাবেক পুলিশ সদস্য আবুল কাশেম (৭৮) মারা গেছেন।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মহাদেবপুর উপজেলার কাচারীপাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আবুল কাশেম ১৯৪৯ সালের ৪ জানুয়ারি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমান মুসল্লি ও মৃত জবেদা বেগমের বড় ছেলে। ১৯৬৯ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
কর্মজীবনে তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, বান্দরবান জেলার থানচি ও লামা এবং নওগাঁ জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি নওগাঁর নিয়ামতপুর থানায় যোগ দেন। ১৯৮৯ সাল থেকে মহাদেবপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এ ছাড়া তিনি নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, আত্রাই ও রানীনগর থানা এবং নওগাঁ আদালতে দায়িত্ব পালন করেন। চাকরিজীবনের শেষ পর্যায়ে তিনি নওহাটা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২০০৩ সালে তিনি অবসরে যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা করেন।




















