ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ

- প্রকাশের সময় : ০৮:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 9

ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে এবং এতে থাকা গাড়িতে কারা ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি রাশেদ খান।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি। পোস্টে রাশেদ খান দাবি করেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে ওই গাড়িতে করে বেরিয়ে আসেন মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধি দলের সদস্যরা।
পোস্টে তিনি লেখেন, ‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে এই গাড়ি করে বের হয়ে আসে মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধি দল। আমি আবারও বলছি, মিয়া গোলাম পরওয়ার চাইলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন।’
এর আগে সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসেও একই অভিযোগ তোলেন রাশেদ খান।
তাঁর দাবি, গত ১৬ অক্টোবর মাগরিবের পর রাজধানীর বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এ টি এম মাছুমসহ তিনজন।
রাশেদ খান প্রশ্ন তোলেন, প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ব্যক্তিরা কোন স্বার্থে দেশটির গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন। তাঁর ভাষ্য, ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা এবং দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।
জামায়াত নেতাদের উদ্দেশে রাশেদ খান বলেন, মিয়া গোলাম পরওয়ার নৈতিক রাজনীতিতে বিশ্বাস করলে কথিত বৈঠকের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেবেন বলে তিনি আশা করেন। তা না হলে জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত—এমন ধারণা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াত আন্দোলনের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন রাশেদ খান।
তবে এসব অভিযোগের বিষয়ে জামায়াতের বক্তব্য এবং প্রকাশিত ভিডিওর স্বাধীন সত্যতা যাচাইয়ের তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।





















