কালীগঞ্জে পিকআপে করে তিন গরু চুরি, দিশেহারা কৃষক

- প্রকাশের সময় : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 6

ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে গোয়ালঘর থেকে কৃষকের তিনটি গরু চুরি হয়েছে। চোরচক্রের সদস্যরা পিকআপে করে গরুগুলো নিয়ে গেছে বলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ধারণা করছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। একসঙ্গে তিনটি গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার ছোট শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি ফ্রিজিয়ান ও একটি দেশি জাতের।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান কৃষক আব্দুর রাজ্জাক। পরে রাতে আবার খাবার দিতে গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে কোনো গরু নেই। গরুগুলো চুরি হওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি আহাজারি শুরু করেন। পরে স্থানীয় লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি।
ভুক্তভোগী কৃষকের ছেলে মিন্টু বলেন, ‘আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ধারণা করছি, রাত ৩টার পর চোরচক্রের সদস্যরা একটি পিকআপে করে গরুগুলো নিয়ে গেছে।’
স্থানীয় বাসিন্দা আব্দুল বকুল বলেন, ‘এভাবে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে। গরু চুরি হতে থাকলে কৃষকেরা তাঁদের শেষ সম্বল কীভাবে রক্ষা করবেন?’
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’






















