নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী
- প্রকাশের সময় : ০২:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 9
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোহরাব হোসেন উল্লাস পরিচালিত চলচ্চিত্রটির প্রদর্শনী ঘিরে স্থানীয় দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নওগাঁ ফিল্ম সোসাইটির (এনএফএস) সৌজন্যে এবং ফিল্মহলিক প্রোডাকশনের প্রযোজনায় চলচ্চিত্রটির দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। শহরের বইপট্টি এলাকার ‘আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার’-এ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম এবং রাত ৮টায় দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জিএম জাকির হোসেন।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন জিলানী সাকিব ও নিদ্রা দে নেহা। নায়কের বন্ধুর চরিত্রে রয়েছেন মেহেদী হাসান অন্তর ও জগদীশ। খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন মাকফুরু হাসান বিদ্যুৎ। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাকলায়েন, তসলিমা ফেরদৌস, কায়েস উদ্দীন, মাইনুল ইসলাম মঙ্গল, গোপাল চন্দ্র প্রামাণিক, শ্যামল কুমার রয় ও আব্দুল রহিমসহ অনেকে।
চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন রাজা ফকির। প্রযোজনা, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন সোহরাব হোসেন উল্লাস। চিত্রগ্রহণ করেছেন মিজানুর রহমান ও কাওসার রাজীব। সম্পাদনার দায়িত্বে ছিলেন নাজিবুল ইসলাম মুন।
প্রদর্শনী শেষে দর্শকদের অনেকে চলচ্চিত্রটির গল্প ও অভিনয়ের প্রশংসা করেন। তাঁদের মতে, গল্পের সাবলীল উপস্থাপন এবং অভিনয়শিল্পীদের স্বাভাবিক অভিনয় চলচ্চিত্রটিকে প্রাণবন্ত করে তুলেছে। পাশাপাশি নওগাঁয় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনীর এমন উদ্যোগ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।






















