নওগাঁয় ৩ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় মদ উদ্ধার
- প্রকাশের সময় : ১১:৪৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 11
নওগাঁর সাপাহারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ১৬ বিজিবির অধীন হাপানিয়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
১৬ বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির সরাসরি নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে হাপানিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ২৩৬/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাপাহার উপজেলার কৃষ্ণসুধা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী এ চোরাচালানের সঙ্গে কৃষ্ণসুধা গ্রামের সাদেকুল ইসলাম (২৮), পিতা নাইমুল ইসলাম এবং হযরত আলী (৩৫), পিতা মতিরুল জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।

























