ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে যা বললেন
- প্রকাশের সময় : ১০:৪৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 2
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।
বাঁধনের অভিযোগ, ভেনিসে একটি পার্কে ভাইয়ের সঙ্গে যাওয়ার পর একদল বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়। এমনকি তাকে মারধর করে ফোন ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করারও অভিযোগ করেন তিনি। ওই সময় তার ভাইয়ের ছোট শিশুও সঙ্গে ছিল বলে জানান বাঁধন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হামলাকারীদের একজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যা দিতে শোনা যায়। ভিডিওতে তাকে ‘দেশদ্রোহী’ বলেও উল্লেখ করা হয়। বাঁধনের দাবি, হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন এবং তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করেন। তারা ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেন বলে অভিযোগ করেন তিনি।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, তিনি ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং এ বিষয়টি নিয়ে তিনি গর্বিত। তার ভাষ্য, আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তাকে লক্ষ্য করে এ ধরনের আচরণ করা হয়েছে।
বাঁধন আরও জানান, তিনি যে সিনেমাটি নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। জুলাইয়ের আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করেছেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।
ঘটনার পর বাঁধনের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার বিষয়টি তার ফেসবুক লাইভে প্রকাশ পায়। এ ঘটনায় ভেনিসের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি। সেই প্রেক্ষাপটেই ভেনিসে তাকে হেনস্তার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।



















