সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
- প্রকাশের সময় : ১২:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 2
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে এ প্রাণহানি ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা গেছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। অন্য দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের নিজ এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।
এদিকে নিহত অন্য দুজনের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।





















