মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী
- প্রকাশের সময় : ১১:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 5
জনগণকে দমন করতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে স্বৈরাচারী মনোভাবের শাসকরা নিজেদের স্বার্থে মিডিয়াকে ‘লাঠির মতো’ ব্যবহার করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাংবাদিক আবদুস সালাম স্মৃতি পরিষদ এই আলোচনাসভার আয়োজন করে।
রিজভী বলেন, স্বৈরাচারী শাসনে জনগণকে দমনে যেমন লাঠি ও ডান্ডা অপরিহার্য, তেমনি তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে যাদের অন্তরে স্বৈরাচারী বৈশিষ্ট্য রয়েছে, তারা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে।
লাঠি যেমন খালি চোখে দেখা যায়, মিডিয়া নিয়ন্ত্রণের এই রূপটি সহজে দেখা যায় না; বরং প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের মনকে শাসন ও নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হয়।
উপমহাদেশের প্রখ্যাত সম্পাদক আবদুস সালামের আদর্শিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আব্দুস সালাম সাহেবের মতো স্বাধীনচেতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকের অভাব আজ বিশ্বজুড়েই প্রকট।
তিনি সরকারি লাভজনক চাকরি ছেড়ে সাংবাদিকতার মতো কণ্টকাকীর্ণ পথ বেছে নিয়েছিলেন। একাধিকবার জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু সত্য প্রকাশ ও নীতি থেকে কখনো বিচ্যুত হননি।
কাজী নজরুল ইসলামের সঙ্গে আবদুস সালামের জীবনসংগ্রামের তুলনা করে বিএনপি নেতা আরও বলেন, নজরুল ও আবদুস সালাম দুজনই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জেল খেটেছেন এবং দুজনেই ১৯৭৬ সালে একুশে পদক পেয়েছেন। আবদুস সালামের মতো সত্যনিষ্ঠ সাংবাদিকদের আদর্শ আজকের বিপন্ন পৃথিবীতে আবার জাগিয়ে তোলা প্রয়োজন।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও আবদুস সালাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক লোটন একরামের সঞ্চালনায় সভায় সূচনা বক্তব্য দেন আবদুস সালামের মেয়ে ও স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক, সদস্য সচিব জুবায়ের আহমেদ বাবু প্রমুখ।





















