কালীগঞ্জ উপজেলা দন্ত চিকিৎসা কল্যাণ সমিতির কমিটি গঠন
- প্রকাশের সময় : ১০:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 7
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা দন্ত চিকিৎসা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শহরের ভূষণ রোডের লাক্সারি ডাইন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমিনুর রহমান আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, প্রাথমিক দন্ত চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রেজাউল ইসলাম, হিউম্যান রাইটস ভয়েসের কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু এবং কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন।
দন্ত চিকিৎসক রতন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দন্ত চিকিৎসক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আমিন ডেন্টালের দন্ত চিকিৎসক আমিনুর রহমান আমিন সভাপতি, মেহেনাজ ডেন্টালের দন্ত চিকিৎসক কাজী রাশেদ সাধারণ সম্পাদক এবং ফারিয়া ডেন্টাল কেয়ারের দন্ত চিকিৎসক বাদশা ফয়সাল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরোজ ডেন্টালের ফিরোজুর রহমান ফিরোজ, প্রদীপ কুমার বিশ্বাস ও মোদাচ্ছের হোসেন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান সুমন ও রতন মণ্ডল। কোষাধ্যক্ষ আনারুল ইসলাম এবং প্রচার সম্পাদক সুবীর বিশ্বাস।
এ ছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে হামিদুল ইসলাম হামিদ এবং সহকারী উপদেষ্টা হিসেবে মাহবুবুর রহমান মিলন, ইসরাইল হোসেন জীবন, রেজাউল ইসলাম ও মেহেদী হাসান বাবুর নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী দুই বছরের মেয়াদে সমিতির কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও অতিথিরা।
























