পেঁয়াজ বিক্রির বিরোধের জেরে মোটরসাইকেল আটকে দুইজনকে মারধরের অভিযোগ
- প্রকাশের সময় : ১২:১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 8
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজ বিক্রিকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে মোটরসাইকেলের গতিরোধ করে দুই ব্যক্তিকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহতরা হলেন,মো. ওবায়দুর রহমান (৫৫) ও মো. মেহেদী হাসান (৪৫)। তাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) এ ঘটনায় আবুল হোসেন মোল্লা (৭০) বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সাইফুল ইসলাম (৩৫), রাহুল (১৯), ইদ্রিস মোল্লা (৫০), খোকন মোল্লা (২৫), রতন মোল্লা (২৬) ও শুকুর ফকির (২২) এর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর ছেলে মো. সবুজ মোল্লার বেরুলিয়া বাজারে পেঁয়াজের আড়ত রয়েছে। সম্প্রতি সেখানে সাইফুল ইসলাম পেঁয়াজ বিক্রি করতে গেলে কিছু পেঁয়াজ পচা থাকায় আড়তের কর্মচারী রিজন পেঁয়াজের পরিমাণ কম লিখতে বলেন। এ নিয়ে সাইফুলের সঙ্গে রিজনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাজার কমিটির মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাজারের কাজ শেষে ওবায়দুর রহমান ও মেহেদী হাসান মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বড় হিজলী এলাকায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে কয়েকজন মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে দুজনই আহত হন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুরে রেফার করেন।
অভিযোগকারী আবুল হোসেন মোল্লা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি । ফলে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব হবে।
বালিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























