নওগাঁর ১১ থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ ওসি মান্দার খোরশেদ আলম
- প্রকাশের সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 3
নওগাঁ জেলার ১১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে কর্মদক্ষতার মূল্যায়নে আবারও শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম।
মঙ্গলবার (১১ আগস্ট) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলার ১১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের গুণগত মান ও বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন করা হয়। মূল্যায়নে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে মান্দা থানার ওসি মো. খোরশেদ আলমকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার হাতে শ্রেষ্ঠত্বের স্মারক ও পুরস্কার তুলে দেন।
সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণকে অধিকতর সেবা নিশ্চিত করতে সব ইউনিট ও থানার কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়। পুলিশ সুপার তাদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মাসিক অপরাধ সভায় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























