জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে ৭৫০ বৃক্ষচারা বিতরণ

- প্রকাশের সময় : ০৮:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 10

সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৭৫০টি বৃক্ষচারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি। বিতরণ করা চারার মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছ।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ছিট মীরগঞ্জ শালনগ্রাম বহুমুখী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সংস্থাটির ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় এ আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উৎসাহের সঙ্গে চারা সংগ্রহ করে।
‘পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপির রংপুর রিজিওনের কর্মসূচি ব্যবস্থাপক একেএম মাজহারুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিট মীরগঞ্জ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজীউর রহমান, বালাগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু জাফর মো. ছালেহ, সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ মুছাব্বিহান এবং ব্যবসায়ী এবিএম মোসফেকুর রহমান দুলাল।
এ ছাড়া পপির জলঢাকা জোনের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক শাহাদৎ হোসেন, বগুলাগাড়ী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, গাবরুল শাখার ব্যবস্থাপক আলামিন সরকার, জলঢাকা শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র রায় এবং রংপুর রিজিওনের আইটি কর্মকর্তা রাজু ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মাদ্রাসা মাঠে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয়ের আঙিনায় চারাগুলো রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীরা চারা হাতে ফটোসেশনে অংশ নেন।























