সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯
- প্রকাশের সময় : ১২:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 8
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক বাসের সাত যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) এবং ঢাকার বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর শেখের মেয়ে জাইফা (৩)। নিহত অপর সাতজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আনিসুর রহমান জানান, দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




















