বিয়ের দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল
- প্রকাশের সময় : ১০:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 40
বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায় ও পরিশোধের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে আইন সচিব, নিবন্ধন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার।
এর আগে, গত ৫ জুলাই জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। রিটে বিবাহের সময় ধার্য করা দেনমোহর আদায় ও পরিশোধের কার্যকর পদ্ধতি এবং এ-সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়। এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়।
রিটে বলা হয়, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়ন ও জারির প্রয়োজন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিবাহের তারিখের এক বছর বা তার বেশি সময় পর দেনমোহর পরিশোধের ক্ষেত্রে কীভাবে এর মূল্য নির্ধারণ ও আদায় হবে, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এমন নির্দেশিকা নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষায় সহায়ক হবে এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার বিদ্যমান অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখবে।





















