বালিয়াকান্দিতে গোয়ালঘরের তালা ভেঙে দুটি গাভী চুরি

- প্রকাশের সময় : ০৮:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 38

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে দুটি দুধেল গাভী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে এ চুরির ঘটনা ঘটে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর (গোয়ালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভীমনগর গ্রামের মৃত কালীপদ মণ্ডলের ছেলে জীবন মণ্ডল প্রতিদিনের মতো রাতে দুটি লাল রঙের গাভী গোয়ালঘরে তালাবদ্ধ করে ঘুমাতে যান। গভীর রাতে অজ্ঞাত চোরেরা তালা ভেঙে নিঃশব্দে গরু দুটি নিয়ে পালিয়ে যায়।
রাত আনুমানিক ৩টার দিকে জীবনের মা দিলারা রানী মণ্ডল ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন দুটি গাভীই নেই। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরু দুটির কোনো সন্ধান পাননি। একমাত্র সম্বল হারিয়ে পরিবারটিতে এখন চরম অনিশ্চয়তা নেমে এসেছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং চোর শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে।
এদিকে এলাকায় হঠাৎ গবাদিপশু চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরি প্রতিরোধে রাতে পুলিশি টহল জোরদার এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।






















