গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সিংড়ায় দিনব্যাপী কর্মসূচি পালিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 0

নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে সিংড়া উপজেলা প্রশাসন এবং উপজেলা ও পৌর বিএনপির যৌথ ও পৃথক উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
এ সময় সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার পর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিশাল সমাবেশ এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
সিংড়া সরকারি গোল-ই-আফরোজ কলেজ মাঠ থেকে বের হওয়া সুবিশাল র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের কোর্ট মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “সিংড়ার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। ইচ্ছা করলে দেশের অন্য কোথাও পেশাগতভাবে প্রতিষ্ঠিত হতে পারতাম, কিন্তু এলাকার মানুষের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই রাজনীতিতে তাদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচিত হওয়ার পর সিংড়ার সার্বিক উন্নয়নের জন্য উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ আনা হয়েছে। একদিনে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়, তবে ধাপে ধাপে রাস্তাঘাট, অবকাঠামোসহ প্রতিটি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। উন্নয়ন কোনো একক ব্যক্তির দ্বারা সম্ভব নয়, দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” একই সঙ্গে তিনি গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন সাখা, বিএনপি নেতা অ্যাডভোকেট শামীম হোসেন (ভিপি শামীম), মো. ইব্রাহিম খলিল (ফটিক), মো. সাইদুর রহমান (সাধু), বজলার রহমান বাচ্চু, মো. শাহাদত হোসেন, মো. রাসেদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম (বুলেট), মো. রিয়াদ মোস্তফা, মো. কায়সার হায়দার হেলাল, অ্যাডভোকেট আলী আজগর খান, মো. মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, মো. আসাদুজ্জামান মিঠু, মো. রেজাউল করিম বাবলু এবং উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্রবিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রনি।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপজেলা যুবদলের সদস্য সচিব মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফী, সদস্য সচিব ডাবলু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিন্টুসহ তৃণমূলের বিপুলসংখ্যক নেতাকর্মী দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Tag :























