তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু
- প্রকাশের সময় : ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 63
গত জুন মাসের শেষ দিকে টানা আট দিনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক সংস্থা ইউরোমোমো রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশে এই অতিরিক্ত মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি।
ইউরোমোমোর কর্মকর্তা ও ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড বলেন, অধিকাংশের মৃত্যু হয়েছে তীব্র গরমে ‘হিট স্ট্রোক’ ও গরমজনিত শারীরিক জটিলতায়। এত অল্প সময়ে এত বেশি মৃত্যু স্বাভাবিক নয়।
প্রতিবেদনে দেশভিত্তিক মৃত্যুর সংখ্যা উল্লেখ না করা হলেও জানানো হয়েছে, মৃতদের বড় একটি অংশ ফ্রান্স ও বেলজিয়ামের বাসিন্দা।
সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাপপ্রবাহের কারণে ইইউভুক্ত কয়েকটি দেশে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে।
ইউরোপের বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের তীব্র তাপপ্রবাহ দেখা দিচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও ঘন ঘন ঘটতে পারে।
সূত্র: রয়টার্স
























