রাজবাড়ীতে শ্রমিকের মৃত্যুর ঘটনায় ‘দায়সারাভাবে’ মামলা নেওয়ার অভিযোগ
- প্রকাশের সময় : ০৪:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 31
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাছের খামারে কাজ করতে গিয়ে এক শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় দায়সারাভাবে মামলা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
নিহত রাশেদুল ইসলাম শেখ (১৮) বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামের বাসিন্দা এবং মো. রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি করা হয়েছে একই গ্রামের মৃত আকিনউদ্দিন শেখের ছেলে গোলাম মোস্তাফাকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টার দিকে রাশেদুল গোলাম মোস্তাফার মাছের খামারে কাজ করতে যান। বেলা ১১টার দিকে বাড়িতে গিয়ে খাবার খেয়ে আবার কাজে ফেরেন। পরে গোলাম মোস্তাফা তাকে একটি পুকুরপাড় থেকে পানির মোটর খুলে অন্য পুকুরে স্থানান্তরের নির্দেশ দেন। মোটর খুলতে গিয়ে নিরাপত্তার জন্য মোটরের বডিতে সংযুক্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রাশেদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, মোটরে বিদ্যুৎ সংযোগ ছিল—এ বিষয়টি গোলাম মোস্তাফা জানতেন। তার অবহেলা ও তাচ্ছিল্যের কারণেই রাশেদুলের মৃত্যু হয়েছে।
নিহতের বাবা মো. রফিকুল ইসলাম বলেন, গোলাম মোস্তাফার একাধিক মাছের খামার রয়েছে। মোটর চুরি ঠেকাতে তিনি মোটরে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তার ছেলেকে মোটর খুলতে পাঠানো হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরও যথাযথ গুরুত্ব না দিয়ে তাকে একাই ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে তার ছেলে বেঁচে যেতে পারত বলে দাবি করেন তিনি। এ ঘটনাকে তিনি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড বলে দাবি করে বিচার চান।
নিহতের চাচা মো. তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলে দীর্ঘ সময় পর সেটি নথিভুক্ত করা হয়। অভিযোগে উল্লেখ করা বিভিন্ন বিষয় সংক্ষিপ্ত করে লেখা হয়েছে বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে আপত্তি জানানো হলেও মরদেহ বুঝে পেতে বাধ্য হয়ে অভিযোগপত্রে স্বাক্ষর করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের দেওয়া অভিযোগে উল্লিখিত বিষয়গুলোই এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
অভিযুক্ত গোলাম মোস্তাফার সঙ্গে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।















