সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম
- প্রকাশের সময় : ০৫:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 32
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেছেন, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল পাস করেছেন।
শনিবার (২৩ মে) সচিবালয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর ও সংস্থায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে।
তিনি বলেন, কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, পিরোজপুরে একটি উন্নয়ন প্রকল্পে টেন্ডার প্রক্রিয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ কারণে দীর্ঘদিন ধরে ওই জেলার উন্নয়ন প্রকল্পগুলো স্থগিত রয়েছে।
তিনি আরও বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ও তদন্তের আওতায় আনা হবে বলে জানান তিনি।




















