কালুখালীতে দুস্থ পরিবারকে স্বাবলম্বী করতে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ
- প্রকাশের সময় : ০৫:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 151
রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুস্থ ও সুবিধাবঞ্চিত ২০টি পরিবারের মাঝে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়।
উপজেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা-এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শেখ মুহা. মাসুদ রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান। বিশেষ অতিথি ছিলেন কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাজমুল হাসান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য মনিরুজ্জামান সোহেলসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য লাভজনক হওয়ায় এটি অনেক পরিবারের জন্য বাড়তি আয়ের উৎস হবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এর মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।
অনুষ্ঠানে ২০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে দুটি করে মোট ৪০টি ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়। একই সঙ্গে উপকারভোগীদের জন্য ছাগল পালন, পরিচর্যা ও রোগব্যবস্থাপনা বিষয়ে একটি কর্মশালারও আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।






















