ধামইরহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
- প্রকাশের সময় : ০১:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 159
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব পিরলডাঙ্গা হাজীর মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধারকৃত মোট মালামালের মূল্য প্রায় ৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রাসেল হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়েছে। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সেননগর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।
ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
























