নওগাঁর মান্দায় ৯০০ কেজি ভিজিএফের চাল জব্দ, আটক ১
- প্রকাশের সময় : ০১:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 134
নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ করে কালোবাজারে বিক্রির প্রস্তুতি চলছে। পরে তার নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, মান্দা থানাধীন ৬ নম্বর মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা সরকারি ভিজিএফের চাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মোঃ বাবু মণ্ডল (৫৬) তার বসতবাড়ির টিনশেড রান্নাঘরে মজুদ করে রেখেছেন। অভিযোগ রয়েছে, এসব চাল কালোবাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছিল।
পরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করে।
এদিকে অভিযান চলাকালে নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে একটি ভ্যানে চাল বহন করতে দেখে পুলিশ। পরে ভ্যানচালক মোঃ উজ্জল সাকিদার কে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সরকারি টিসিবির চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে রাখা হতো এবং পরে বেশি দামে বিক্রি করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল সাকিদার স্বীকার করেন, তার ভ্যানে থাকা চাল বাবু মণ্ডলের বাড়িতে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক উজ্জল সাকিদারসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক একজন হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
























