কালুখালীতে বাড়ি ফেরার পথে বাসচাপায় গরুর বেপারীর মৃত্যু, আহত ২
- প্রকাশের সময় : ১২:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 11
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের চাপায় মো. আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই গরুর বেপারী। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ মে) রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আমিন বকাউল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার মজিদ বকাউলের ছেলে। আহতরা হলেন একই এলাকার মো. ছকেল শেখের ছেলে মো. রিয়াজ শেখ (৪৮) এবং মো. আদম কাজীর ছেলে মো. কলম কাজী (৩৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মো. এনামুল মন্ডল জানান, নিহত ও আহত তিনজনই গরুর বেপারী। তারা মোটরসাইকেলে করে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. আমিন বকাউলকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব দে সরকার জানান, হাসপাতালে আনার আগেই মো. আমিন বকাউলের মৃত্যু হয়েছে। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






















