রাজবাড়ীতে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি
- প্রকাশের সময় : ০৬:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 30
রাজবাড়ীতে আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত। জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এ টিকার আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়-এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন এস এম মাসুদ।
তিনি জানান, রাজবাড়ীতে নিয়মিতভাবেই হামের টিকা প্রদান করা হচ্ছে এবং বর্তমানে জেলায় ২১ হাজার ডোজ টিকা মজুদ রয়েছে। তবে সারা দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার শিশুদের জন্য অতিরিক্ত একটি বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
সিভিল সার্জন বলেন, ৬ মাস ১ দিন বয়স থেকে ৫ বছর বয়সী সব শিশু এ বিশেষ ডোজ নিতে পারবে। তবে কোনো শিশু আগে হামের টিকা নিয়ে থাকলে, পরবর্তী ডোজ নেওয়ার আগে অন্তত ২৮ থেকে ৩০ দিন বিরতি থাকতে হবে।
তিনি আরও জানান, জেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে সরকারি স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। ইতোমধ্যে ৮৫ হাজার ডোজ টিকা হাতে পৌঁছেছে। অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই টিকা গ্রহণ করা যাবে।
চলতি বছরে রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে ১১৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত ৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
সিভিল সার্জন অভিভাবকদের উদ্দেশে বলেন, কোনো শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত স্থানীয় হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে হবে।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইবাদত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শেখ সোহানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















