শিল্পী সংগ্রামী কমরেড সত্যেন সেনের ১১৯তম জন্মদিনে শ্রদ্ধা

- প্রকাশের সময় : ০৩:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 259

সত্যেন সেন। তিনি শিল্পী সংগ্রামী কমরেড সত্যেন হিসেবেই পরিচিত। ২৮ মার্চ তাঁর ১১৯তম জন্মদিন। সত্যেন সেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে শান্তি কুটিরে ১৯০৭ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি আজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। ব্রিটিশ ও পাকিস্তানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ও সংগ্রাম করেছেন। জীবনের বেশিরভাগ সময়ই তাঁকে জেলে থাকতে হয়েছে। তিনি একাধারে বিপ্লবী, সাহিত্যিক, সাংবাদিক, কৃষক নেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ।
অন্য সবার মতো তাঁরও একটি ডাকনাম ছিল। সত্যেন সেনের ডাক নাম ছিল লস্কর। তাঁর বাবা ধরনীমোহন সেন এবং মা মৃণালিনি সেন। চার সন্তানের মধ্যে সত্যেন সবার ছোট। শিল্প-সাহিত্যে অগ্রসর এই পরিবারে ছিল কয়েকজন খ্যাতিমান সাহিত্যিক। সত্যেনের পিতৃব্য ক্ষিতিমোহন সেন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁর কাকা মদনমোহন সেন ছিলেন খ্যাতিমান শিশুসাহিত্যিক। খুড়তুতো ভাই মুরারীমোহন সেন ও সত্যেনের দুই বোন ইন্দুবালা এবং প্রতিভা সেন সাহিত্যচর্চায় নিবিড়ভাবে জড়িত ছিলেন। সোনারঙ গ্রামের সেনবাড়ির আলমিরাগুলো ছিল কাব্য, উপন্যাস ও জীবনী গ্রন্থে ভরা।
পরিবারেই সত্যেন সেনের পড়াশোনার হাতেখড়ি হয়। প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেছিলেন পরিবার ও গৃহ শিক্ষকের কাছে। মুন্সীগঞ্জের সোনারঙ উচ্চ বিদ্যালয়ে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয়। ১৯২১ এ সোনারঙ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালে সত্যেনের মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। তিনি টঙ্গীবাড়িতে একটি রাজনৈতিক সভায় যোগ দিয়েছিলেন। কংগ্রেসের সেই সভাটি ছিল সত্যেনের জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
সত্যেন সেন সোনারঙ উচ্চ বিদ্যালয় থেকে ১৯২৪ সালে মাধ্যমিক পাস করেন। উচ্চমাধ্যমিক পড়ার জন্য চলে যান কলকাতায়। সেখানে যাওয়ার পর তিনি যুক্ত হয়েছিলেন বিপ্লবী দল যুগান্তরের সঙ্গে। ওই দলের সংগঠক ছিলেন জীবন চ্যাটার্জি। ছাত্রাবস্থায় বোনের উৎসাহে নিজেকে যুক্ত করেছিলেন স্বদেশী বিপ্লবী কাজে। তখন থেকে সত্যেনের সাহিত্য চর্চার শুরু। তাঁর কবিতা ছাপা হতো ‘নবশক্তি’ পত্রিকায়। কলেজের ছাত্রাবস্থায় সন্ত্রাসবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার জন্য ১৯৩১ সালে গ্রেপ্তার হয়ে বহরামপুর কারাগারে একটানা পাঁচ বছর বন্দী থাকেন। জেলে বসেই তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। ১৯৩৮-এ বহরামপুর কারাগার থেকে মুক্তির পর গবেষণা বৃত্তি লাভ করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণার জন্য। তিনি গবেষণায় প্রবেশ না করে মার্কসবাদী রাজনীতি চর্চায় মগ্ন থাকেন। আসলে জেল জীবনই তাঁর রাজনৈতিক ভাবনা আমূল পাল্টে দিয়েছিল।
তিনি তারুণ্যের শক্তিকে উদ্বুদ্ধ করতে চাইতেন সমাজ পরিবর্তনের কাজে। কখনও সাহিত্য সংগঠন গড়ে, কখনও গানের দল গড়ে। আর এজন্য তিনি কৃষক আন্দোলনে যুক্ত হয়েছিলেন। পাশাপাশি ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলেছিলেন ঢাকেশ্বরী কটন মিল, লক্ষ্মীনারায়ণ কটন মিল, চিত্তরঞ্জন কটন মিল ও ঢাকা নারায়ণগঞ্জের বিভিন্ন পাটকলে। ট্রেড ইউনিয়নের লক্ষ্য ছিল শ্রমিকশ্রেণীর ন্যায্য মজুরি, দাবি-দাওয়া আদায়। সামাজিক কুসংস্কার ও রাজনৈতিক অবদমন থেকে মানুষের মুক্তির জন্য সত্যেন সংগঠিত করেছিলেন বৃহৎ এক সাংস্কৃতিক আন্দোলন। চল্লিশ দশকে তাঁর উদ্যোগে ঢাকায় গড়ে ওঠে ‘প্রগতি লেখক সংঘ’। ১৯৪২ সালে ঢাকা জেলা কমিউনিস্ট পার্টির প্রচার সপ্তাহ উপলক্ষে তিনি প্রথম গান রচনা করেন ‘লীগ-কংগ্রেস এক হও।’ তখন এই গান বাংলাদেশের সর্বত্র গাওয়া হতো এবং বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৪৭ সালে স্বাধীন ভারত সৃষ্টি হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৪৮ সালে মিলের শ্রমিকদের নিয়ে কবিগানের দল গঠন করেছিলেন।
তাঁর বিরুদ্ধে ১৯৪৮ সালে হুলিয়া জারি হয়। এসময় কিছুদিন শান্তিনিকেতনে আত্মগোপনে ছিলেন প্রতিভা সেনের বাড়িতে। তারপর সমাজতন্ত্রের পক্ষে মেহনতি মানুষকে সংগঠিত করার জন্য ফিরে আসেন সোনারঙ গ্রামে। পুনরায় কৃষক আন্দোলনে যোগদান। প্রখ্যাত কৃষক নেতা জীতেন ঘোষের সাথে কৃষক আন্দোলন গড়ে তোলেন। এ লক্ষ্যে তিনি ঢাকা, রায়পুরা, নরসিংদী, মুন্সীগঞ্জ, বগুড়া, রংপুর ও দিনাজপুর অঞ্চলে কাজ করেন। নেতৃত্ব দেন ঢাকা জেলা কৃষক সমিতির। এরমধ্যে সত্যেনের মা বেরিবেরি রোগে আক্রান্ত হন। মায়ের অসুখের চিঠি গিয়ে পড়ে পুলিশের হাতে। পুলিশ তাকে বিপ্লবী কর্মকান্ড পরিচালনা করার দায়ে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করে। ১৯৪৯ সালে জেলে থাকাকালে তাঁর মা মারা যান। সত্যেন বন্দী ছিলেন ঢাকা ও রাজশাহী জেলে। ওই সময় কারাগারে বসে তিনি অনশন করেন একাধারে ৪০ দিন। দীর্ঘ কারাভোগ ও নির্যাতনে তাঁর স্বাস্থ্য ভেঙ্গে যায়। প্রায় চার বছর কারানির্যাতন ভোগের পর ১৯৫৩ সালে তিনি মুক্তি পান। আবারও ফিরে আসেন সোনারঙ গ্রামে।
১৯৫৪ সালের ৩০ মে আবার গ্রেপ্তার হন। কিছুকাল পর জেল থেকে মুক্তি পেয়ে ‘দৈনিক সংবাদ’-এ সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন। শুরু হয় সাংবাদিকতা জীবনের নতুন পথচলা। ১৯৫৮-এর ৭ আগস্ট দেশে সামরিক আইন জারি হলে পুনরায় গ্রেপ্তার। দীর্ঘ পাঁচ বছর জেলে থাকার পর ১৯৬৩-এর শেষ দিকে মুক্তিলাভ। পুনরায় দৈনিক সংবাদে যোগদান। ১৯৬৫-র আগস্ট থেকে ১৯৬৮ পর্যন্ত ফের কারাবাস। মুক্তি পাওয়ার পর আবার যুক্ত হন ‘দৈনিক সংবাদ’ পত্রিকায়। তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে সাংবাদিকতায়। সেখানে তিনি নিয়মিত কলাম ও অনুসন্ধানী নিবন্ধ লিখতেন।
সত্যেন সেন রাজনৈতিকভাবে নিষিদ্ধঘোষিত তৎকালীন কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৮ সালের ২৯ আগস্ট তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘উদীচী শিল্পীগোষ্ঠী’। শিল্পী সাইদুল ইসলামের নারিন্দার বাসায় সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, শহীদুল্লা কায়সার, মোস্তফা ওয়াহিদ খানকে নিয়ে গঠিত হয় উদীচী। এ সংগঠনের উদ্দেশ্য মেহনতি মানুষকে গানের মাধ্যমে ঐক্যবদ্ধ সংগ্রামে উদ্ধুদ্ধ করা। ১৯৭১ সালে বাঙালীর সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে উদীচী গড়ে তোলে এক সাংস্কৃতিক সংগ্রাম। এ সংগ্রাম বাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে।
জেলে বন্দী থাকা অবস্থায় তিনি নানারকম নির্যাতনের শিকার হন। বিশেষ করে বামপন্থী হলে তাকে বেশি নির্যাতন করা হতো। মহান মুক্তিযুদ্ধ চলাকালে এক পর্যায়ে তার চোখের সমস্যা আরও গুরুতর রূপ নেয়। তিনি প্রায় অন্ধ হতে চলেন। এ সময় কমিউনিস্ট পার্টি তাকে চোখের উন্নত চিকিৎসার জন্য সোভিয়েত ইউনিয়নের মস্কো পাঠায়। এখানে অবস্থানকালে তিনি বিভিন্ন দেশের বিপ্লবীদের পরিচিত হন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অবহিত করেন। তারাও স্ব-স্ব দেশে গিয়ে বাংলাদেশের প্রতি সহনাভূতি জানান। মস্কো হাসপাতালে অবস্থানকালে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার সংবাদ পান। সেখানকার বাঙালিদের মুক্তির উল্লাস প্রত্যক্ষ করেন। তিনি নিজেও অশ্রুসিক্ত নয়নে ওই আনন্দ উপভোগ করেন। ১৯৭২ সালে মুক্ত, স্বাধীন স্বপ্নের স্বদেশ, বাংলাদেশে ফিরে আসেন।
সত্যেন সেনের নেতৃত্বে ১৯৭২ সালের পর থেকে উদীচী স্বয়ং দেশব্যাপী এক দুর্বার আন্দোলন হিসেবে দেখা দেয়। ’৭২-এর আগে উদীচী তার একটি গণসঙ্গীতের স্কোয়াড নিয়ে গর্ব করত। উদীচীর রয়েছে সঙ্গীত, নাটক, নৃত্য, আবৃত্তি, চারুকলা, পাঠাগার ও সাহিত্য বিভাগ। ২০১৩ সালে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘একুশে পদক’ লাভ করেছে।
বাংলা সাহিত্যে তিনি অবদান রেখে েেছনন। সত্যেন সেন সাহিত্যচর্চা শুরু করেন পরিণত বয়সে। বাংলা কথাসাহিত্যের জনজীবনমুখী, সমাজতান্ত্রিক বাস্তবতার সাহিত্য নির্মাণের পথিকৃৎ লেখক তিনি। তাঁর লেখায় স্থান পেয়েছে সমাজ, রাজনীতি, সমকালীন ও অতীত ইতিহাস। সত্যেন সেন রচিত গ্রন্থসংখ্যা প্রায় চল্লিশ। উল্লেখযোগ্য গ্রন্থ : উপন্যাস : ভোরের বিহঙ্গী (১৯৫৯), রুদ্ধদ্বার মুক্তপ্রাণ (১৯৬৩), অভিশপ্ত নগরী (১৯৬৯), পাপের সন্তান (১৯৬৯), সেয়ান (১৯৬৯), পদচিহ্ন (১৯৬৯), পুরুষমেধ (১৯৬৯), আলবেরুনী (১৯৭০), সাত নম্বর ওয়ার্ড (১৯৭০), বিদ্রোহী কৈবর্ত্য (১৯৭০), কুমারজীব (১৯৭০), অপারেজয় (১৯৭০), মা (১৯৭০), উত্তরণ (১৯৭০), একূল ভাঙ্গে ওকূল গড়ে (১৯৭১)। বিজ্ঞান ও ইতিহাস আশ্রিত গল্প-উপন্যাস-সাহিত্য : মহাবিদ্রোহের কাহিনী (১৯৫৮), গ্রামবাংলার পথে পথে (১৯৬৬), আমাদের এই পৃথিবী (১৯৬৭), মসলার যুদ্ধ (১৯৬৯), এটোমের কথা (১৯৭০), অভিযাত্রী (১৯৭০), মানবসভ্যতার উষালগ্ন (১৯৭১), মনোরমা মাসিমা (১৯৭১), প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ (১৯৭১), বিপ্লবী রহমান মাস্টার (১৯৭৩), সীমান্ত সূর্য আবদুল গাফফার (১৯৭২), বাংলাদেশের কৃষকের সংগ্রাম (১৯৭৬), জীববিজ্ঞানের নানা কথা (১৯৭৭), ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা (১৯৮৬) ইত্যাদি। ছোটদের গল্প : পাতাবাহার (১৯৬৮), অভিযাত্রী (১৯৬৯) অন্যতম। তার সাহিত্য সাধনার উৎস প্রগতিশীল ও গণমুখী চেতনা।
১৯৬৯ সালে ‘পাপের সন্তান’ উপন্যাসের জন্য তিনি ‘আদমজী সাহিত্য পুরস্কার’ ও ১৯৭০-এ ‘বাংলা একাডেমি পুরস্কার’ পান। ১৯৮৬-তে তাকে ‘একুশে পদক’ (মরণোত্তর) দেয়া হয়।
১৯৪৮ সালে সুতাকল শ্রমিকদের নিয়ে তিনি ‘কবিগানের দল’ নামে একটি দল গঠন করেন। সত্যেন সেনের লেখা কিছু গান পূর্ব পাকিস্তান কৃষক সমিতির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় হাতেম আলি খান প্রকাশিত ‘চাষির গান’ সংকলনে রয়েছে। উদীচী তার গঠন সময়ে সত্যেন সেনের লেখা গানগুলি সুযোগ মত গাঁওগ্রামের স্কুল ও মাঠে পরিবেশন করার চেষ্টা করেছে। এর মধ্যে একটি জারি গান হলোু “হায় দুঃখ সয় না প্রাণে রে, হায় হায় রে, আমাদের এই সোনার দেশ কি দশা তার হইল”। এ জারি গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। তাঁর লেখা আরেকটি গান হলোু “মারো জোয়ান হাঁইয়ো মারো কসে টান, তালে তালে ফেল বৈঠা নদীতে উজান”।
সত্যেন সেনের প্রতিটি গানেই শ্রমিক-কৃষকের চূড়ান্ত মুক্তি যে সমাজতন্ত্রে নিহিত তা তিনি অকপটেই লিখে গেছেন। শ্রমিক-কৃষকের বিরাট শক্তির উপর সমাজতন্ত্রে উত্তরণের পথ হলেও এ নিষ্ক্রিয়তার উপর আক্ষেপ করে তিনি লিখেছেন “ভাইরে বুঝবি কি আর মলে, দিনেই যদি হোস রে কানা, কী হবে আর রাত্রি হলে”। পাকিস্তানি আমলে সরকার কৃষকদের স্বার্থবিরোধী আইন করেছিল যার ফলে চাষিরা অত্যাচারিত হচ্ছিল। এর প্রতিবাদে সত্যেন দা’র কলম তীক্ষধার হয়ে ওঠে। তিনি লিখেনু “আজব কাণ্ড ঘটছে রে ভাই মনের দুঃখ কই কারে, চাষা-পেষা কল বানাইছে সরকারে”। সত্যেন সেন লিখিত একটি বিখ্যাত গানে সুর সংযোজন করেছেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত গায়ক প্রয়াত অজিত রায়। গানটি হলোু “আজি সপ্ত সাগর উঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, দিকে দিকে জাগে বিদ্রোহী জনতা, উন্মাদ গর্জনে প্রাণো উল্লাস”।
তাঁর লেখার মাধ্যমে জানিয়েছেন ভাষা আন্দোলন নিয়ে তাঁর চেতনা। এ গানটিতে সুর দিয়েছেন শ্রদ্ধেয় একজন সুরকার, শেখ লুৎফর রহমানু “আগুন নিভাইবো কে রে, এ আগুন নেভে নেভে নেভে না”।
শ্রমিকদের নিয়ে তিনি তাঁদের নিয়ে গান এবং পালা রচনা করতেন। গানের দল গঠন করে শ্রমিকদের এ কবিগান তিনি রাজনৈতিক সভা-সমাবেশ পরিবেশন করতেন। তার লেখা ১১টি গানের মধ্যে ‘চাষি দে তোর লাল সেলাম/তোর লাল নিশানারে’ গানটি তখন চাষিদের জাতীয় সংগীত হয়ে দাঁড়িয়েছিল। ১৯৫৬ সালে বিক্রমপুরের ষোলঘরে কৃষক সমিতির সম্মেলনে প্রথম তারই নেতৃত্বে গানটি গাওয়া হয়। ’৭০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত সময়ে বিশ্ব সমাজতান্ত্রিক চেতনায় নতুন একটি দ্বন্দ্ব উপস্থিত হয়। যার ফলশ্রুতিতে আমাদের দেশেও ব্যাপকভাবে এর ধাক্কা লাগে। তখন সমাজতান্ত্রিক আন্দোলনের জীবনপণ লড়াইকারী বন্ধুরা পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েন। অনেক অনাকাঙ্খিত ঘটনা তখন প্রত্যক্ষ করেছেন সত্যেন সেন। ’৬৪ তে লেখা তাঁর একটি গানে কিছুটা উল্লেখ করেছেন মিনতি সহকারেু “ও আমার দেশের ভাই দেশের ভাই, আমার মিনতি শোন শোন”।
তাঁর লেখা একটি গানে এর কিছু নমুনাও পাওয়া যাবেু “মানুষেরে ভালোবাসি এই মোর অপরাধ, হাসিমুখে তাই মাথা পেতে নেই দুঃখের আশীর্বাদ। মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগি ঢেলে দিয়ে যাবো, মানুষের দেয়া প্রাণ”। সারাটি জীবন এই নির্যাতিত মানুষের মাঝে থেকেই তিনি দিনাতিপাত করেছেন।
এখন একটি গানের কথা উল্লেখ করতে চাই। কমিউনিস্ট আন্তর্জাতিক বলে দুনিয়ার বিভিন্ন ভাষায় যে গানটি গাওয়া হয়, তার আদলে অনেকেই শ্রদ্ধার সঙ্গে গানটি লিখেছেন। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের ভাষা বিশ্বব্যাপী ভিন্ন থাকলেও সুর একই। সত্যেন সেনও সেই ভাবধারায় এই গানটি লিখেছেনু “ওরে ও রে বঞ্চিত সর্বহারা দল, শোষণের দিন হয়ে এলো ক্ষীণ, নবযুগ আসে চঞ্চল”। ‘মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান মানুষের কাছে ঢেলে দিয়ে যাবো মানুষের দেয়া প্রাণ’ গানটি সম্ভবত তাঁর সবচেয়ে জনপ্রিয় গান।
১৯৭৩ সালে শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে সত্যেন সেন আবার দেশ ছাড়তে বাধ্য হন। চিকিৎসার জন্য চলে যান ভারতে। আশ্রয় নেন শান্তি নিকেতনের মেজদিদি প্রতিভা সেনের কাছে। শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি সাহিত্য চর্চা চালিয়ে গেছেন। জীবনের শেষ আট বছর তিনি শান্তি নিকেতনে দিদির কাছে কাটিয়েছেন। ১৯৮১ সালে ৫ জানুয়ারি শান্তি নিকেতনের গুরুপল্লীতে আজীবন বিপ্লবী কমরেড সত্যেন সেন মারা যান। তিনি রেখে গেছেন তাঁর অসংখ্য সৃষ্টিকর্ম। ১১৯তম জন্মদিনে আজীবন বিপ্লবী, সাহিত্যিক, সাংবাদিক, কৃষক নেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্যেন সেনের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। লাল সালাম।
-লেখক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রাজবাড়ী জেলা সংসদ।
























