কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত
- প্রকাশের সময় : ১০:২৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 128
কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হেলাল ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।
রোববার সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন স্পেশাল পরিবহন’ নামের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়। সেখানে ১২ জনের মরদেহ পাওয়া গেছে, যার মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রেলগেটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রেলক্রসিংয়ে সিগন্যাল না থাকায় বাসটি লাইনে উঠে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে এবং কুমিল্লা জেলা প্রশাসককে প্রধান করে আরও একটি তদন্ত কমিটি করা হয়েছে।




















