গোপালগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- প্রকাশের সময় : ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 478
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রাম থেকে মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. নায়েব আলী খান (৬০)কে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনমনে ভীতি সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তিনি আরও জানান, যানবাহন চলাচলে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা নাশকতা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ওই ঘটনার সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো দা, করাত, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান।
এ ঘটনায় পরদিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন।




















