নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল
- প্রকাশের সময় : ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 125
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় সচল হওয়ার পথে। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলো আপাতত রেললাইনের পাশে সরিয়ে দ্রুত মেরামতের কাজ চলছে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করেছেন, ঘণ্টাখানের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।
বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান বলেন, বগিগুলো উদ্ধারের পর এখন লাইন সচলের চূড়ান্ত প্রস্তুতি চলছে। লাইন সচল হওয়ার পর প্রথম ট্রেন হিসেবে সীমান্ত এক্সপ্রেস চলাচলের মাধ্যমে এই রুটে যোগাযোগ পুনরায় শুরু হবে।
এর আগে বুধবার দুপুরে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি সান্তাহারের কাছে লাইনচ্যুত হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় এবং বিকল্প ট্রেনে যাতায়াতের কারণে ঈদে ঘরমুখী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের সঙ্গে যাত্রীদের মালামাল নিয়ে দুর্ঘটনাস্থল পার হতে গিয়ে নাজেহাল হতে হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত লাইন সচল করে ট্রেন চলাচল শুরু হলেও পূর্ণাঙ্গ মেরামতের কাজ আরও কিছু সময় চলবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।




















