রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- প্রকাশের সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 132
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-ঝিকুড়ী এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২০১ জন নারীর মাঝে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে কার্ড তুলে দেন তারেক রহমান-এর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা. রাশেদ আল মামুন। এর মাধ্যমে পদ্মা নদী তীরবর্তী এই অঞ্চলের হতদরিদ্র ও নিম্নবিত্ত নারীরা সরাসরি সরকারি আর্থিক সহায়তার আওতায় এলেন।
এর আগে সুলতানা আক্তার, রাজবাড়ীর জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য; মো. হারুন অর রশিদ, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য; মো. মনজুর মোরর্শেদ, রাজবাড়ীর পুলিশ সুপার এবং সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সালে মোহাম্মদ আলী আহসান। এ সময় পাংশা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ড পাওয়া নারীরা জানান, প্রথমে বাড়ি বাড়ি গিয়ে তালিকা সংগ্রহ করে সমাজসেবা অধিদপ্তর। গতকাল থেকে তাদের মোবাইলে টাকার বার্তা এসেছে এবং আজ হাতে কার্ড পেয়েছেন। এই অর্থ দিয়ে সন্তানদের পড়ালেখা ও সংসারের খরচ মেটাতে সুবিধা হবে বলে তারা জানান।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বলেন, জনগণের ভোটেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং দেশের সব শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়েই সরকার কাজ করবে।
প্রধান অতিথি ডা. রাশেদ আল মামুন সাংবাদিকদের বলেন, নারীর সম্মান ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। তিনি বলেন, “আজ দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা নারীর শ্রমকে সম্মান জানিয়ে অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তুলতে এই কর্মসূচি বাস্তবায়ন করছি। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই যোগ্যদের এই কার্ড দেওয়া হচ্ছে।”
























