দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে : মির্জা ফখরুল
- প্রকাশের সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 170
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত প্রথম সংসদ অধিবেশনেই হবে। আগামী ১২ মার্চ অনুষ্ঠেয় অধিবেশনেই এ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সংসদে নির্ধারিত হবে। তিনি জানান, সিটি করপোরেশনগুলোতে সরকারি কর্মকর্তারা দায়িত্বে থাকলেও রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসক হিসেবে থাকলে জনগণের সেবা আরও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে বলে তাদের বিশ্বাস। সে কারণেই রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ব্যক্তিগত মতামত আছে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, এখানে তার ব্যক্তিগত মতামতের সুযোগ নেই; দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই কাজ করা হবে।
তিনি আরও জানান, যেসব স্থানীয় সরকারের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোতেই আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার আগে অন্য দু’টি সিটিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও উপজেলায় যেমন মেয়াদ শেষ হলে নির্বাচন হয়, তেমনি এটি ধারাবাহিকভাবে চলবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় রাজনৈতিক প্রশাসকরা সরকারি কর্মকর্তাদের তুলনায় সিটি করপোরেশনে ভালো কাজ করতে পারবেন। অকার্যকর স্থানীয় সরকারকে সচল করতেই রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত ছয় প্রশাসক মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ কমাতে কাজ করার অঙ্গীকার করেছেন। তারা জানান, দ্রুত কার্যক্রম শুরু করতে ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করা হবে।
সরকার ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান। এছাড়া খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।






















