চট্টগ্রাম বন্দর নিয়ে ‘সরকারের পরিকল্পনা’ জানালেন অর্থমন্ত্রী
- প্রকাশের সময় : ০২:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 137
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি বন্দরের কার্যক্রম আরও উন্নত এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। এখানে বিনিয়োগের অনেক বড় সুযোগ আছে, সেদিকে আমাদের যেতে হবে। পোর্টের কার্যক্রম আরও উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিনিয়োগের মাধ্যমেই বাণিজ্যিক রাজধানী গড়ে তোলা সম্ভব। তিনি কর্মসংস্থানকে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন।
অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে আসা আমীর খসরু মাহমুদ চৌধুরী সফরসূচি অনুযায়ী নগরের পারিবারিক কবরস্থানে জিয়ারত, জুমার নামাজ আদায়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্দরসেবাদানকারী প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সফরের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। একটি নির্বাচিত সংসদ ও সরকার হয়েছে। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নেও সমন্বিত উদ্যোগ নিতে হবে।”





















