গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

- প্রকাশের সময় : ১১:৫০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 277

গাইবান্ধার সাদুল্লাহপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়। শেষ রাতে সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়ে, তখন স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বের হয়ে দুজনকে পুকুর থেকে তুলে মারধর করে। পরে তাদের মৃত্যু হয়। দলের তৃতীয় সদস্য অন্ধকারে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। এছাড়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
























