বাস সংকট, বাড়তি ভাড়া আর যানজটে নাকাল ঘরমুখো মানুষ
- প্রকাশের সময় : ১১:৫৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 209
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুরু হওয়া শিল্পাঞ্চলের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাস সংকটের সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে বিভিন্ন বাসস্ট্যান্ডে শত-শত মানুষ দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে ধীরগতির যান চলাচল দেখা গেছে। কলেজগেট ও গাজীপুরা এলাকায় যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। আন্তঃজেলা ও অন্তঃজেলার বাসগুলো বাড়তি আয়ের আশায় স্বাভাবিক রুট ছেড়ে একাধিক ট্রিপ মারছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
যাত্রীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে যেখানে সাধারণত বাসভাড়া ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রী ট্রাকেও উঠছেন, যেখানে জনপ্রতি নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।
ময়মনসিংহগামী যাত্রী আলমগীর হোসেন বলেন, সাধারণত ২৫০ টাকা ভাড়া লাগে, কিন্তু বাসে উঠতে গিয়ে ৬০০ টাকা চাওয়া হয়েছে। বাধ্য হয়ে দিতে হয়েছে এবং এমন ভোগান্তি আগের ঈদেও দেখেননি।
গার্মেন্টকর্মী রাবেয়া খাতুন বলেন, ভোটের জন্য ছুটি দেওয়া হলেও বাস পাওয়া যাচ্ছে না। সকাল থেকে অপেক্ষা করে শেষ পর্যন্ত ট্রাকে উঠতে হতে পারে, সেখানেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বাস কম এবং যাত্রী বেশি হওয়ায় এই সুযোগে ভাড়া বাড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকার সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে। নির্বাচন দিবস ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে এবং শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্বাচনকালীন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।





















