কালুখালীতে জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৫:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 167
রাজবাড়ীর কালুখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট খোন্দকার আরিফ ইসতিয়াক এবং কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















