মাঝরাতে প্রতিবেশির বাড়িতে হামলা ভাংচুর, গুলিবিদ্ধ শিশু

- প্রকাশের সময় : ০২:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 334

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝরাতে প্রতিবেশি ইনসানের বাড়িতে হামলা ভাংচুর চালায় একদল দুর্বৃত্ত। চিৎকার চেচামেচি শুনে বাইরে বেরিয়েছিল শিশু সিফাত মন্ডল(১২)। হঠাৎ তার পেটে গুলি লাগে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার শফিকুল ইসলাম মন্ডলের ছেলে ও আরএসকে ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সে এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন তার বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে একদল দুর্বৃত্ত গিয়ে প্রতিবেশি ইনসানের বাড়িতে হামলা চালায়। এসময় কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটায়। শব্দ পেয়ে সিফাত ও তার বাবা ঘুম থেকে উঠে বাইরে বের হয়। এসময় একটি গুলি এসে সিফাতের পেটের উপরের অংশে বক্ষ পিঞ্জরে বিদ্ধ হয়। তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সিফাতের চাচি রুনা বেগম বলেন, রাতে কয়েকজন লোক গেটে এসে ইনসান ইনসান বলে গালাগালি করছিল। জানালায় আঘাত করছিল। হঠাৎ গুলির শব্দ হলে সিফাত মাটিতে পড়ে যায়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিফাতের বাবা শফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ক্রন্দনরত কণ্ঠে বলেন, রাত আড়াইটার দিকে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে ভর্তি করিয়েছেন। এখনও ট্রিটমেন্ট শুরু হয়নি। ছেলেটার অবস্থা ভালো নয়। খুব দুশ্চিন্তায় আছি। রাতে পাশের বাড়িতে ভাংচুরের শব্দ শুনে বের হয়ে ছেলেটার এ অবস্থা হলো। তার সাথে কারো কোনো শত্রুতা নেই। তবু কেন এমন হলো?
রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডা. রাজীব দে জানান, গভীর রাতে শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পেটের উপরের অংশে বক্ষ পিঞ্জরে গুলিটি বিদ্ধ হয়েছে। শিশুটি সে সময় হাইপোভোলিউমিক শকে ভুগছিল। প্রাথমিক চিকিৎসায় তার অবস্থা কিছুটা স্থিতিশীল করা হলেও গুলির আঘাতে খাদ্যনালীর অংশে ছিদ্র ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের আশঙ্কা থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।























