বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, জামায়াত নেতা বহিষ্কার
- প্রকাশের সময় : ১১:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 156
পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল হালিমকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশেষ রোকন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পৌর ও উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি জানান, উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মো. আব্দুল হালিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের নীতিমালা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জামায়াতে ইসলামী কঠোর অবস্থানে থাকবে বলেও জানান নেতারা।
কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে বিশেষ রোকন বৈঠক ডেকে কুয়াকাটা পৌর ৫ নম্বর ওয়ার্ড সভাপতিকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতে ইসলামী করতে হলে সাংগঠনিক নিয়ম-কানুন ও দলীয় নীতিমালা মেনে চলতে হবে।
অভিযোগের বিষয়ে মো. আব্দুল হালিম বলেন, তার বাসায় ছয়টি পরিবার ভাড়া থাকে। এর মধ্যে একটি বাসায় মা-মেয়ে পরিচয়ে চারজন নারী প্রায় দুই মাস আগে ভাড়া নেন। তারা কী কাজ করেন, তা তার জানার বিষয় নয় বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, কোনো ধরনের আলোচনা ছাড়াই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই এবং এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন।























