উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন আসিফ-মাহফুজ
- প্রকাশের সময় : ০১:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 196
নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সরকারি বাসভবনেই অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি জানান, নিরাপত্তার স্বার্থেই তারা বর্তমানে সরকারি বাসায় অবস্থান করছেন। পাশাপাশি পদত্যাগের পর সর্বোচ্চ দুই মাস গ্রেস পিরিয়ডে সরকারি বাসভবনে থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে একটি গণমাধ্যমে ‘সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই তরুণ উপদেষ্টা এখনো সরকারি বাসভবন ছাড়েননি এবং কবে ছাড়বেন সে বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এ প্রেক্ষিতেই বিষয়টি স্পষ্ট করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত ১০ ডিসেম্বর বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করেন এবং তখন জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে পদত্যাগ কার্যকর হবে। পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তাদের পদত্যাগ কার্যকর হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই সরকারের দায়িত্ব পালন শুরু করেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে উপদেষ্টা হিসেবে শপথ নেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পান। সব মিলিয়ে আসিফ মাহমুদ ১৫ মাস এবং মাহফুজ আলম ১৩ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
জুলাই গণ-অভ্যুত্থান ও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়। অপরদিকে আন্তর্জাতিক অঙ্গনে ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে মাহফুজ আলমও আলোচনায় আসেন।





















