টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

- প্রকাশের সময় : ১১:২৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 226

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে, ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে বাইরে কাজ করতে গিয়ে হাড়কাঁপানো শীতে চরম কষ্ট পোহাতে হচ্ছে তাদের।
সোমবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। সূর্যের তাপ তেমন অনুভূত হয়নি।
এর আগের দিন রোববারও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ও শুক্রবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা রেকর্ড হয় গত ১১ ডিসেম্বর।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
























