জয় বাংলা স্লোগান ও জাতীয় সংগীত গেয়ে কারা সুবিধা হারালেন পলক

- প্রকাশের সময় : ১২:৩৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 35
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে পরিবার, আত্মীয়স্বজন ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ এবং টেলিফোনে কথা বলার সুযোগ হারিয়েছেন। তার আইনজীবীর অভিযোগ, মামলার হাজিরার সময় প্রিজন ভ্যানে তিনি ‘জয় বাংলা’ স্লোগান ও জাতীয় সংগীত গাওয়ায় কারা কর্তৃপক্ষ এই সুবিধা বন্ধ করেছে।
বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয় ও পলকের মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আসামিপক্ষে ব্যারিস্টার এম লিটন আহমেদ।
আদালতে পলকের আইনজীবী বলেন, তার মক্কেল কারাগারের নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন। কিন্তু স্লোগান ও জাতীয় সংগীত গাওয়ায় তাকে এখন এই সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি এ বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ চান।
কারাবিধি অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গ করলে ডিভিশন বাতিল, বিশেষ সুবিধা হ্রাস, একাকী কারাবাসসহ বিভিন্ন শাস্তি দেওয়া হতে পারে। কারা কর্তৃপক্ষ নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সাক্ষাতের তারিখ ও সময় স্থগিত বা বাতিল করতে পারে বলেও বিধানে রয়েছে।
একই মামলায় পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। পলক ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন এবং তাকে আদালতে হাজির করা হয়েছে।























