ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, টার্গেট কৃষিপণ্য

- প্রকাশের সময় : ১১:১৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 91

ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের এক বৈঠকে তিনি জানান, ভারত থেকে চাল এবং কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন নতুন শুল্ক দিতে পারে। তার অভিযোগ, দুই দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন এবং ভারতসহ এশিয়ার দেশগুলো থেকে কৃষিপণ্য আমদানিকে কঠোরভাবে সমালোচনা করেন। তিনি দাবি করেন, এসব আমদানি যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে।
ট্রাম্প বলেন, মার্কিন কৃষকদের রক্ষায় তিনি শুল্ককে আক্রমণাত্মকভাবে ব্যবহার করতে প্রস্তুত। কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়ে তিনি বলেন, এই অর্থ আসবে যুক্তরাষ্ট্রের শুল্ক রাজস্ব থেকে।
বৈঠকে চাল আমদানির প্রসঙ্গ উঠলে লুইজিয়ানার একজন উৎপাদক অভিযোগ করেন, ভারতীয় চাল দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠছে। ট্রাম্পকে জানানো হয়, মার্কিন খুচরা বাজারে বিক্রি হওয়া চালের বড় দুটি ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানায়। জবাবে ট্রাম্প বলেন, শুল্ক আরোপ করলে অল্প সময়েই সমস্যার সমাধান হবে। তিনি আরও অভিযোগ করেন, ভারত ডাম্পিং করছে, যা চলতে দেওয়া হবে না।
এছাড়া কানাডা থেকে সার আমদানির ওপরও কঠোর শুল্ক আরোপের ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, স্থানীয় উৎপাদন বাড়াতে প্রয়োজন হলে এসব সারের ওপর কঠোর শুল্ক দেওয়া হবে।
গত দশকে ভারত-যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারত যুক্তরাষ্ট্রে বাসমতি, চালজাত পণ্য, মসলা ও সামুদ্রিক খাদ্য রপ্তানি করে; আর ভারত বাদাম, তুলা ও ডাল আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে। তবে ভর্তুকি, বাজার প্রবেশাধিকার ও ডব্লিউটিও–সংক্রান্ত বিরোধ দুই দেশের আলোচনায় নিয়মিত চাপ সৃষ্টি করছে।























