কালুখালীর বড় কলকলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া

- প্রকাশের সময় : ০৬:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 103
রাজবাড়ীর কালুখালী উপজেলার বড় কলকলিয়া রসনমার্কেট বাজারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আয়োজন করা হয় এ মিলাদ ও আলোচনা সভা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি–সমৃদ্ধি ও জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বড় কলকলিয়া খালপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হুচাইন আহম্মেদ।
দোয়া শেষে মৃগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সাজাহান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. মিজানুর রহমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মুক্তির আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা শুধু দলের নয়, গণতন্ত্রকামী মানুষেরও আশার আলো।”
কালুখালী উপজেলা কৃষক দলের নেতা আবু সাইদ হান্নান বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। জাতির ক্রান্তিলগ্নে তাঁর সুস্থতা জাতীয় প্রয়োজন।” তিনি আরও বলেন, “সারাজীবন দেশের জন্য কাজ করা একজন দেশপ্রেমিক নেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা এখনো গভীর—এটাই প্রমাণ করে সারাদেশের উদ্বেগ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজান মিয়া, জসীম মোল্লা, আকমল মল্লিক, আনিচুর রহমান কাঞ্চন, জিয়া সাইবার ফোর্স রাজবাড়ীর সদস্যরা এবং বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
























