কালুখালীতে ডিসির দপ্তর পরিদর্শন ও উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন
- প্রকাশের সময় : ০৮:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 177
রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন।
সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ‘শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের আওতায় চরাঞ্চলের ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, তিন শিক্ষার্থীকে বাইসাইকেল, কয়েকটি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, স্মার্ট টিভি, ভেন্ডিং মেশিন এবং শিল্পকলা একাডেমীতে হারমোনিয়াম বিতরণ করেন। এছাড়া প্রতিবন্ধী ও দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।
উপজেলার মৃগী ও বোয়ালিয়া ইউনিয়নের দুঃস্থ তাঁতশিল্পীদের মাঝেও তাঁত সরঞ্জাম বিতরণ করেন তিনি।
দুপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
পরে তিনি হাঁড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ‘মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা কর্নার’ ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন। এরপর হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়ার্দী কমিউনিটি ক্লিনিক, মাজবাড়ী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা পরিষদের পুকুর পরিদর্শন করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।























