ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে
- প্রকাশের সময় : ১১:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 63
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি বিমান তাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। সেখানে টোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারদের প্রতি সমবেদনা জানান।
পরে তাকে অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে ১৯ বার তোপধ্বনির সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে যান। তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।
বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত সরকারি ভোজসভায়ও তিনি অংশ নেবেন।





















