ভূমিকম্প সম্পর্কিত গুজব-বিভ্রান্তিতে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
- প্রকাশের সময় : ০২:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 69
ভূমিকম্প সম্পর্কিত কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় তিনি দেশের জনগণের প্রতি এ অনুরোধ জানান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উপপ্রেস সচিবের বরাত দিয়ে বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার বার্তায় উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।





















