আ’লীগের নিষেধাজ্ঞা ও নির্বাচন নিয়ে যা বললেন হাসিনাপুত্র জয়

- প্রকাশের সময় : ১২:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 83

সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে দিলে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন পণ্ড করে দেবে। তিনি আরও সতর্ক করেন, পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে।
রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় এই হুমকি দেন।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার একদিন আগে এই মন্তব্য করা হয়।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৪০০ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত সহিংসতার পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।
ওয়াজেদ বলেন, ‘রায়ের বিষয়ে আমরা পুরোপুরি জানি কী হতে যাচ্ছে। রায় সরাসরি সম্প্রচার করা হবে। তারা আমার মাকে দোষী সাব্যস্ত করতে পারে, এবং সম্ভবত মৃত্যুদণ্ডও দিতে পারে। তবে আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন আমরা হতে দেব না। আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে এবং আমরা যা করার দরকার তা করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগে বাংলাদেশে সম্ভবত সহিংসতা ঘটবে এবং মুখোমুখি সংঘর্ষের অবস্থা তৈরি হবে।’
উল্লেখ্য, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তার হুমকি এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের কথা উল্লেখ করে চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এবং দলের নিবন্ধন স্থগিত করে।

























